জলপাইগুড়ি, ১৬ মে :
পাঁচ বছর অফিস কার্যত বন্ধ থাকার পর ফের ভারতীয় মজদুর সংঙ্ঘ কাজ শুরু করল জলপাইগুড়ি শহরে। শনিবার শহরের মিউনিসিপালিটি মার্কেটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্টির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী সহ সংগঠনের নেতা কর্মীরা। ২০২১ সালে রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল। এরপরেই রাজনৈতিক পরিস্থিতির কারণে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি। ২০২৬ সালে বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরপরেই কর্মীরা বাড়তি অক্সিজেন পেতেই আবার স্বমহিমায় শ্রমিক সংগঠনের পার্টি অফিসের উদ্বোধন করা হল। সংঙ্ঘের তরফে শম্ভুনাথ মিস্ত্রি বলেন, “রাজ্যে রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে। এই কারণে আমাদের আর কোনও সমস্যা নেই। ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করে তুলতে আমরা কাজ করবো। শ্রমিকদের কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে জোর দেওয়া হবে এই কার্যালয় থেকে।”

