আলিপুর ১লা জুন
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল বিজেপি। সোমবার বিজেপির প্রতিনিধিরা মাদারিহাটের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে প্রকল্পের বিভিন্ন কাজে অনিয়মের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিজেপির অভিযোগ, ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় একাধিক এলাকায় কাজ না করেই বিল তোলা হয়েছে। আবার কোথাও প্রকল্পের অনুমোদিত কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও তা সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়েছে। ফলে সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।
এই প্রসঙ্গে বিজেপির জেলা নেতা শৈলেন রায় বলেন, “মাদারিহাট ব্লকের বিভিন্ন এলাকায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। কোথাও কাজ না করেই বিল তোলা হয়েছে, আবার কোথাও কাজের মান অত্যন্ত নিম্নমানের। বিষয়টি নিয়ে আমরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। তিনি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও বলেন, “যদি প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”

