আলিপুরদুয়ার , ৬ আগস্ট
আবারও ধানক্ষেতের মধ্যে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ দাঁতাল হাতির মৃতদেহ। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পাঁচ মাইল এলাকার তালপোর্টারি হরি মন্দির সংলগ্ন এলাকায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের মধ্যে হাতিটির নিথর দেহ পড়ে থাকতে দেখে জলদাপাড়া বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মী ও আধিকারিকরা। পাশাপাশি ফালাকাটা থানার পুলিশও ঘটনাস্থলে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ছয়টি হাতির একটি দল ওই এলাকায় ঢুকেছিল। বনকর্মীদের প্রাথমিক অনুমান, সেই দলেরই একটি পূর্ণবয়স্ক পুরুষ দাঁতাল হাতির মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে হাতিটির দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ। পাশাপাশি জমির মালিকের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তের রিপোর্টের পরই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

