আলিপুরদুয়ার, ৬ ফেব্রুয়ারী :
ফের এশিয়ান হাইরোডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত এক। সীমান্ত শহর জয়গাঁ সংলগ্ন জিএসটি মোড় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে এই সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে একটি ছোট গাড়ি।এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে এলে রবি দেওয়ান নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।অপরদিকে, আহত অবস্থায় চিকিৎসাধীন ধীরাজ ছেত্রী বলে এক ব্যক্তিও।ভুটানগামী এশিয়ান হাইরোডে এমন ঘটনা এই প্রথম নয়। অভিযোগ, প্রশাসনের নজরের সামনেই একপ্রকার সড়কের ধার দখল করে দাঁড়িয়ে থাকে সারি সারি ট্রাক। রাতের অন্ধকারে কোনো সিগন্যালও থাকে না সেই পার্কিংয়ে।ফলে গত কয়েকবছরে বারংবার এমন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ।কবে প্রশাসনের হুশ ফিরবে এবং এই মৃত্যু মিছিল থামবে সেই প্রশ্নই সকলের।

