আলিপুরদুয়ার, ১৩ ফেব্রুয়ারী :
মাদক পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল জয়গাঁও থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল রাতে ভুটান নম্বরের একটি টেম্পোতে তল্লাশি চালিয়ে ৮৬৮টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম দাবি শেরিং (২৮)। তিনি ভুটানের পারো এলাকার বাসিন্দা। গুম্বা রোড সংলগ্ন এলাকায় সন্দেহজনক টেম্পোটিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এক ভারতীয় ব্যক্তির সঙ্গে যোগসাজশ করেই এই পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তবে অভিযানের সময় ওই ভারতীয় ব্যক্তি পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ধৃত ভুটানি যুবককে জয়গাঁও থানায় নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক সীমান্ত জুড়ে মাদক পাচার চক্রের সক্রিয়তার বিষয়টি ফের সামনে এসেছে।

