মাথাভাঙ্গা, ৩০ জানুয়ারী :
সাত সকালে ডাম্পারের ভারে ভেঙে পড়ল একটি সেতু। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায়। সকালবেলা হঠাৎ বিকট শব্দে সেতুর একাংশ ভেঙে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় একটি ভারী ডাম্পার সেতু পার হওয়ার চেষ্টা করছিল। অতিরিক্ত ওজনের কারণেই সেতুটি ভেঙে পড়ে। ঘটনার জেরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং দু’পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। তারা সেতুর অবস্থা খতিয়ে দেখছেন। । তবে দীর্ঘদিন ধরেই সেতুর বেহাল অবস্থার অভিযোগ ছিল বলে দাবি স্থানীয়দের।
ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন এলাকাবাসীরা। এদিকে দ্রুত সেতু সংস্কার ও ভারী যান চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

