ধূপগুড়ি , ৩০ মে
ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা।
শনিবার সকালে শহরের আবর্জনা ফেলতে গেলে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড এলাকায় স্থানীয়দের বাধার মুখে পড়ে পুরসভার কম্পাক্টর ভ্যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবর্জনা বোঝাই গাড়ি পিছু হটতে বাধ্য হয়।ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ডে। পরে এলাকায় যান ধূপগুড়ির মহকুমা শাসক তথা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধা সুব্বা। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ, ২০০৪ সালে জমি কেনা ও ২০০৯ সালে প্রাচীর নির্মাণের পর থেকেই এখানে ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা চলছে। কিন্তু দূষণের আশঙ্কায় শুরু থেকেই তারা এর বিরোধিতা করে আসছেন। প্রায় ৫০০ পরিবারের বসবাস এই এলাকায়, তাই কোনোভাবেই আবর্জনা ফেলা তারা মেনে নেবেন না।
অন্যদিকে প্রশাসনের দাবি, এখানে ডাম্পিং গ্রাউন্ড নয়, আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট গড়ার পরিকল্পনা রয়েছে। যেখানে আবর্জনা থেকে প্লাস্টিক আলাদা করে রিসাইক্লিং করা হবে এবং বাকি অংশ থেকে জৈব সার তৈরি করা হবে।

