ডুয়ার্স, ৮ এপ্রিল :
ডুয়ার্সের চা শ্রমিকদের নিয়ে জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। বুধবার ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে আদিবাসী চর্চা কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়।এই সভায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন। মূলত চা বাগানের শ্রমিকদের মন পেতেই এই সভা করা হয়। এদিন আলিপুরদুয়ারে সভা করে নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘন্টা পর নাগরাকাটায় পৌছান বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রায় কুড়ি মিনিটের বক্তব্য রাখেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রথমেই তিনি বলেন, আমি আপনারদের ভাই এবং বন্ধু । এরপর তিনি বলেন, এখানে ডবল ইঞ্জিনের সরকার হলে সবার আগে চা শ্রমিকদের জন্য কাজ করা হবে। শিক্ষা স্বাস্থ্যের উন্নতি হবে।”
সেইসাথে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন।
১৭০ বছরে এরকম হয়নি যতটা এখন হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের কথা তুলে ধরেন। দীপু চন্দ্র দাস, গৌতম চন্দ্র দাসকে কিভাবে খুন করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরেন।
বাংলাদেশী ঘুসপেটিয়াদের খুঁজে খুঁজে এখান থেকে বের করে দেওয়া হবে বলেও জানান।
তিনি আরো বলেন, “এখানে বাংলাদেশীদের বাঁচানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগান শ্রমিকদের জন্য কিছু করেননি। তিন লাখ শ্রমিক আবাস বানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী । কিন্তু চা শ্রমিকদের জন্য মাত্র সাড়ে চার হাজার আবাস বানানো হয়েছে। বাকি টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে গেছে বলেও তিনি তোপ দাগেন।
তিনি আরো বলেন,” করোনার সময় সবাইকে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছিল।
এর পাশাপাশি কেন্দ্রের তরফে সবার ব্যাংক একাউন্ট খোলা হয়। যাতে করে দিল্লি থেকে এক টাকা পাঠানো হলে এক টাকাই মানুষ পায়। কিন্তু আগে এক টাকা পাঠানো হলে পনেরো পয়সা পাওয়া যেত বলে শোনা যেত।
তিনি আরো বলেন, এরাজ্যে ভারতীয় জনতা পার্টি জিতলে হোলি খেলা হবে।
এদিনের সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন ছাড়াও জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাপী গোস্বামী, নাগরাকাটা ও মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরা ও শুক্রা ওঁরাও সহ অনেকে উপস্থিত ছিলেন।

