০৮.০৫.২৫
ওয়েব ডেস্ক :
অপারেশন সিঁদুরের জেরে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। পহেলগাঁও হামলার বদলা হিসাবে ভারতের এহেন স্ট্রাইকে ঘুম উড়েছে পাকিস্তানের। এবার শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই আবহে এবার সে দেশের লাহোরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ঘর ছেড়ে রাস্তায় জড়ো হয়েছেন বাসিন্দারা। বাজছে সাইরেন। সবমিলিয়ে এক আতঙ্কের পরিবেশ। পাকিস্তানের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন রোডে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে। ওয়াল্টন বিমানবন্দরের কাছে লাহোরের গোপাল নগর এবং নাসিরাবাদ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সাইরেন বাজানোর পর, মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। আশেপাশের এলাকাগুলিতে আকাশে ধোঁয়া দেখা গিয়েছে। তবে কি কারণে এই বিস্ফোরণ বা কারা করেছে সেই বিষয়ে এখনো খোলাসা কিছু হয়নি।

