জলপাইগুড়ি, ৭ ডিসেম্বর :
রক্তের ঘাটতি মোকাবিলায় প্রশংসনীয় মানবিক উদ্যোগ নিল জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড। শীতকালে রক্তের সংকট বাড়ায় সাধারণ মানুষের জীবনরক্ষায় রবিবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে আয়োজন করা হয় রক্তদান শিবির। শিলিগুড়ির এক বেসরকারি ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিবিরটি পরিচালনা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন খেলোয়াড়সহ স্থানীয় বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। শিবিরে প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

