জলপাইগুড়ি , ৯ জুলাই
গরুমারা জঙ্গলের বুক চিরে বেরিয়ে গিয়েছে জাতীয় সড়ক। আর জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া সেই সড়কে ধীরগতিতে গাড়ি চালানোর জন্য ‘ব্রেক ফর ওয়াইল্ড লাইফ’কর্মসূচি পালন করা হলো। এদিন গরুমারা গেট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে গরুমারা বন্যপ্রাণ বিভাগ, মেটেলি থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা যৌথভাবে এই কর্মসূচিতে অংশ নেন। জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বাইক, ছোট গাড়ি, বাস থেকে শুরু করে সকল যানবাহনকে দাঁড় করিয়ে চালকদের জঙ্গলের রাস্তায় ধীর গতিতে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করা হয়।
পাশাপাশি গাড়িতে লাগানো হয় স্টিকার। সেইসাথে চকলেট দিয়ে মিষ্টিমুখও করানো হয় চালকদের। এদিনের এই কর্মসূচিতে গরুমারার প্রশিক্ষিত কুকুর ‘অরল্যান্ডো’কেও দেখা যায়। মাদলের তালে এদিন চলে এই সচেতনতামূলক অভিযান। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা রিক সিংহ রায় বলেন, যেহেতু বন্যপ্রাণী প্রবণ জঙ্গলের বুক চিরে বেরিয়ে গিয়েছে জাতীয় সড়ক। তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো দুর্ঘটনায় বন্য প্রাণীর মৃত্যু না হয় সেকারণে চালকদের ধীরগতিতে গাড়ি চালানোর জন্য সচেতন করা হলো।
উল্লেখ্য, জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া এই সড়কে মাঝেমধ্যেই যেমন বন্যপ্রাণী দেখা যায় তেমনি এর আগে গাড়ির ধাক্কায় বহু মানুষ এবং বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

