নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ২ মে :
আগামী ২০ই মে অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রি বা সকল ই-ফার্মেসিগুলোর বিরুদ্ধে বড়সড় বিরোধিতায় নামতে চলেছে “অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট (AIOCD)”। এই প্রতিবাদ জানাতে AIOCD সংগঠনটি প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান বন্ধ রাখার মতো এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে।
“অল ইন্ডিয়া কেমিস্ট এন্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশন”এর সাধারণ সম্পাদক জয়দীপ সরকার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানিয়েছেন, প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান বন্ধ করার সিদ্বান্তটি একদমই উচিত নয়। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়বে। আবার কিছু কিছু শিল্পমহলের দাবি, অনলাইন মাধ্যমের সাথে ব্যবসায় পিছিয়ে পড়ার জন্যই খুচরো বিক্রেতারা এই আন্দোলন করার মতো সিদ্ধান্ত নিয়েছে।
AIOCD এর দাবি জানিয়েছে, অনলাইন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ বিক্রি করায় বেশিরভাগ সময়ই ভুলভাল সমস্ত প্রেসক্রিপশন দিয়েই ওষুধ বিক্রি করা হচ্ছে। এই গাফিলতির কারণে সাধারণ মানুষের প্রাণনাশের মতো বড়সড় আশঙ্কা দেখা দিতে পারে। ২০২০ সালের কোভিডকালের থেকে বিভিন্ন ই-ফার্মেসিগুলো বিনা প্রশিক্ষণেই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে। বিনা প্রেসক্রিপশন এবং প্রশিক্ষণবিহীন ফার্মাসিস্টরা ক্রেতাদের এন্টিবায়োটিক দেওয়ার ফলে মানুষের স্বাস্থ্যসম্মতঝুঁকি প্রবলভাবে বাড়ছে। এছাড়াও বড় বড় সংস্থাগুলোর যখন তখন হঠাৎ করেই ওষুধের দাম বাড়িয়ে দেওয়ার কথাও তুলে ধরেছে “অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট (AIOCD)”।
সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংহল কড়াকড়িভাবে জানিয়েছেন, ওষুধের মতো এমন একটা সংবেদনশীল জিনিস নিয়ে কোনোরকমভাবেই কোনো আপোস করা হবে না। দেশের প্রত্যেকটি জেলাশাসকের কাছেই এই সংক্রান্ত স্মারকলিপি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বর্তমানে পুরো বিষয়টি দিল্লির হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে।

