জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর :
কোচবিহার থেকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে উত্তরবঙ্গের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু, রাস্তা, স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা—একাধিক ক্ষেত্রেই নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। জলপাইগুড়ি জেলা পরিষদ হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন জেলা শাসক শামা পারভিন, বিভিন্ন দফতরের আধিকারিক, গ্রাম পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিরা।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। তাই প্রতিটি সরকারি প্রকল্পে নজরদারি বাড়াতে জেলা প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন তিনি।জলপাইগুড়ি জেলায় কয়েকশো কোটি টাকার ব্যয়ে সড়ক ব্যবস্থা উন্নয়ন, সেতু নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণসহ একাধিক পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বা চলছে বলে জানান জেলা শাসক শামা পারভিন।মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী দিনে জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে।

