নিজস্ব সংবাদদাতা, ৯ এপ্রিল :
ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিরোধী ঘোষণার একদিন কাটতে না কাটতেই ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। বুধবার লেবাননের হেজবোল্লা ঘাটিগুলোতে কয়েক মিনিটের মধ্যে প্রায় ১০০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। আহত হয়েছেন ৮০০ এর বেশি লোক এবং মৃত্যু হয়েছে অন্তত ২৫৪ জনের। এ কারণেই বিশ্বের অন্যতম তেল সরবরাহকারী “হরমুজ প্রণালী” বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেয় ইরান।
লেবাননের উপর হওয়া হামলার প্রতিবাদ জানাতেই গুরুত্বপূর্ণ “হরমুজ প্রণালী” দিয়ে জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। সারা বিশ্বের ব্যবহৃত খনিজ তেলের পাঁচ ভাগের এক ভাগ তেল এই প্রণালী দিয়েই সরবরাহ করা হয়। এ বিষয়ে তেহরানের স্পষ্ট বক্তব্য, ইজরায়েল যদি হেজবোল্লাদের উপর এই বিধ্বংসী হামলা বন্ধ না করে, তবে তারা জাহাজ চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা সরাবে না। ইতিমধ্যে হোয়াইট হাউস এই পথ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানালেও ইরান তা স্পষ্ট নাকচ করে দেয়।

