আলিপুরদুয়ার, ৮ ফেব্রুয়ারী :
আলিপুরদুয়ার শহরের বুক চিরে যাওয়া রেললাইন সরানোর দাবিতে রবিবার সাংসদ মনোজ টিগ্গার কাছে স্মারকলিপি তুলে দিল আলিপুরদুয়ারের নাগরিক সমাজ। শহরের সার্বিক উন্নয়ন ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন ধরেই এই রেললাইন সরানোর দাবি উঠে আসছিল।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাংবাদিক বৈঠকে সাংসদ মনোজ টিগ্গা আলিপুরদুয়ার শহরকে দ্বিধাবিভক্ত করে থাকা রেললাইন সরানোর প্রস্তাব দেন। তিনি জানান, জনগণের মতামত ও সম্মতির ভিত্তিতেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার নাগরিক সমাজের প্রতিনিধিরা সাংসদের হাতে স্মারকলিপি তুলে দিয়ে জানান, শহরের যানজট, দুর্ঘটনার আশঙ্কা এবং নগর উন্নয়নের ক্ষেত্রে এই রেললাইন বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রেললাইন সরানো হলে আলিপুরদুয়ার শহরের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনই নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাও আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তাঁদের মত।
সাংসদ মনোজ টিগ্গা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

