শিলিগুড়ি , ১১ জুলাই
মেয়রের ইস্তফার পর শিলিগুড়ি পৌরনিগমে প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে শনিবার এসএফ রোডের একটি হোটেলের সামনে গড়ে ওঠা অবৈধ নির্মাণে বুলডোজার চালায় পৌরনিগম।
পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, হোটেলটির সামনে নালার ওপর অবৈধভাবে স্ল্যাব বসিয়ে দখল করা হয়েছিল। এর ফলে নালা পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজে বারবার সমস্যার মুখে পড়ছিলেন পৌরনিগমের সাফাইকর্মীরা। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও একাধিক অভিযোগ জমা পড়ে।
অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ সরানো না হওয়ায় শনিবার পৌরনিগমের পক্ষ থেকে বুলডোজার দিয়ে সেই অংশ ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালীন এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
এদিন অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের নবনিযুক্ত কমিশনার অশ্বিনী কুমার রায়-সহ পৌরনিগমের অন্যান্য আধিকারিকরা। তাঁরা গোটা অভিযান তদারকি করেন এবং অবৈধ নির্মাণ অপসারণের কাজ পর্যবেক্ষণ করেন।
অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার অশ্বিনী কুমার রায় জানান, শহরের যেখানেই অবৈধ নির্মাণের অভিযোগ মিলবে, সেখানেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখল বা নির্মাণের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

