জলপাইগুড়ি, ১৫ এপ্রিল :
অ্যাসোসিয়েশনের ফান্ডের টাকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। অভিযোগ, অজ্ঞাত পরিচয় কিছু নেতা ওই অর্থরাশি নিজেদের কাছে নিয়ে যাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে আইএনটিটিইউসির সদর ব্লক ১ এর সদস্যদের মধ্যে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা বিভিন্ন কোল্ড স্টোরেজে গিয়ে দলীয় প্রার্থীদের জন্য ফ্ল্যাগ ও ফেস্টুনের আবেদন করছেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে—ফান্ডে আর কোনও টাকা অবশিষ্ট নেই। অভিযোগ, সেই টাকা ইতিমধ্যেই ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের নগরবেরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আইএনটিটিইউসি অঞ্চল সভাপতি জহিরুল হক মঙ্গলবার বলেন, “আমরা সারা বছর নিজের খরচে সংগঠন চালাই, কারও কাছে টাকা চাই না। এমনকি আলুর বন্ডও নিই না। কিন্তু নির্বাচনের সময় প্রার্থীর জন্য কিছু ফ্ল্যাগ ও ফেস্টুন চাইতে গেলে জানানো হচ্ছে, ফান্ডের সমস্ত টাকা ঊর্ধ্বতন নেতাদের কাছে চলে গেছে। এই কথা শুনে আমরা হতবাক।”
এই বিষয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে ও জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এদিকে, জলপাইগুড়ি সদর ব্লক ১ আইএনটিটিইউসি সভাপতি শুভঙ্কর মিশ্র জানান, “ঘটনার কথা শুনে হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরাও স্বীকার করেছেন যে অ্যাসোসিয়েশনের ফান্ডের টাকা অন্যত্র চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে জেলা সভাপতি তপন দে ও ধূপগুড়ির তৃণমূল নেতা গুড্ডু সিং-এর সঙ্গেও যোগাযোগ করেছি, কিন্তু তাঁরাও কিছু জানেন না বলে জানান। ফলে আমি মাঝখানে পড়ে যথেষ্ট বিব্রত।” তিনি আরও বলেন, “এই টাকা কোথায় যাচ্ছে, তা দ্রুত খুঁজে বের করা জরুরি।”

