শিলিগুড়ি , ২২ জুলাই
ডাকাতির ছক বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ।ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের নাম মনজিৎ রায় বাড়ি শালুগাড়া বাজার,অনিল রায় বাড়ি বিবেকানন্দ নগর,সমীর বর্মন ও রনি দাস বাড়ি উভয়েই প্রধাননগরের সমন নগর এলাকার বাসিন্দা ও পাপাই রায় জলপাইগুড়ি জেলার কাদোবাড়ি এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,গভীর রাতে ভক্তিনগর থানার ওসি উদয় চক্রবর্তীর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে,শিলিগুড়ির পি.সি. মিত্তল বাস টার্মিনাস এলাকায় ১০থেকে ১২জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।

