কোচবিহার, ২৬ মে:
কোচবিহার এক নম্বর ব্লকের তিন নম্বর ঘুঘুমারী সংলগ্ন এলাকায় দিনের আলোতেই দুষ্কৃতীদের তাণ্ডব, বালু-পাথর ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ।
অভিযোগ, মুখে গামছা বেঁধে একদল দুষ্কৃতী এলাকায় এসে বালু ও পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজনের উপর চড়াও হয়। হামলাকারীরা ঘরে ঢুকে সিসিটিভি ক্যামেরা, চেয়ার-টেবিল ভাঙচুর করার পাশাপাশি একটি বাইকও ভেঙে দেয় বলে দাবি আক্রান্তদের।
শুধু ভাঙচুরই নয়, বাঁশের মোটা লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।
এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা শ্যামলালের নাম জড়িয়েছে। আক্রান্ত ব্যক্তিদের অভিযোগ, তাঁর নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। যদিও অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

