দিনহাটা ,১১ জুলাই
আবারও ছাত্র সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা কলেজ। শনিবার দুপুর ২ টা নাগাদ কলেজের বাইরে তিন কলেজ ছাত্রকে মারধরের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। আহত তিন ছাত্র নিজেদের এসএফআই সমর্থক বলে দাবি করে অভিযোগ করেছেন, বহিরাগত কয়েকজন যুবক, যারা নিজেদের এবিভিপির সদস্য বলে পরিচয় দিয়েছিল, তারাই তাঁদের উপর হামলা চালায়। তাঁদের দাবি, কলেজের মূল ফটকের বাইরে আচমকাই এই হামলার ঘটনা ঘটে। কী কারণে এই হামলা হয়েছে, তা তাঁদের জানা নেই বলেও জানান তাঁরা।
আহত ছাত্রদের আরও অভিযোগ, দিনহাটা কলেজ ও সংলগ্ন এলাকায় এর আগেও একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে। তাই কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এই ঘটনায় এবিভিপির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

