জলপাইগুড়ি, ৫ ফেব্রুয়ারী :
নিজস্ব মাঠের অভাবে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগত উন্নয়ন কার্যত থমকে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে সংস্থাটি। নিজেদের মাঠ না থাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া কর্তারা।
বর্তমানে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন মাঠে তাদের খেলাধুলার আয়োজন করে থাকে। বিশেষ করে বড় মাপের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেওয়াইএমএ (JYMA) ক্লাব ময়দানে। এ জন্য সংশ্লিষ্ট মাঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে জেলা ক্রীড়া সংস্থা। জেওয়াইএমএ ক্লাব ময়দানে টার্ফ পিচ নির্মাণের সুযোগ পাওয়াও সংস্থার পক্ষে একটি বড় সহায়তা। তবে তা সত্ত্বেও নিজস্ব মাঠ না থাকার যন্ত্রণা রয়েই গেছে।
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, “আমাদের নিজস্ব কোনো মাঠ নেই। শহরের একাধিক মাঠ কর্তৃপক্ষ আমাদের সাহায্য করেছেন, কিন্তু নিজস্বতা না থাকায় আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা উন্নয়নের কাজ করতে পারছি না।” তাঁর আরও বক্তব্য, যদি সরকার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পাশে একটি মাঠ তৈরির কথা বিবেচনা করে, তাহলে জলপাইগুড়িতে খেলাধুলার উন্নয়ন আরও গতি পাবে।
উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যের ২২টি জেলার মধ্যে একমাত্র জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থারই নিজস্ব মাঠ নেই। ফলে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠছে ক্রীড়ামহল থেকে।

