শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি :
আজ রাজ্য জুড়ে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ ঘিরে সকাল থেকেই প্রশাসনিক দপ্তরগুলিতে ব্যস্ততা চোখে পড়ে।
শিলিগুড়ির এসডিও অফিসেও দেখা যায় একই ছবি। প্রকাশের পরপরই একে একে বিএলওরা অফিসে পৌঁছে নিজেদের সংশ্লিষ্ট এলাকার চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে থাকেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই তালিকা হালনাগাদ করা হয়েছে। সংশোধন, নাম সংযোজন ও বিয়োজন সংক্রান্ত যাবতীয় আবেদন খতিয়ে দেখার পরই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
বিএলওরা তালিকা সংগ্রহ করে তা সংশ্লিষ্ট বুথ এলাকায় পৌঁছে দেবেন। প্রয়োজনে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই ও সচেতনতা বাড়ানোর কাজও চলবে বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনের আগে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে প্রশাসনিক প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

