শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর :
রাজ্যের বিরোধীদলনেতা এবং দার্জিলিংয়ের সাংসদ এর তোপের পর অভিযান পুলিশের। ধরা পড়ছে একের পর এক বেআইনিভাবে বালি-পাথর বোঝাই ট্রাক।
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথর এর চোরাকারবার নিয়ে সরব হয়েছিলেন।
অপরদিকে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বৃষ্ট সম্প্রতি মাটিগাড়ার বালাসান নদী এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বালি পাথর এর কালো কারবার বন্ধ না হলে তিনি পথে নামবেন, প্রয়োজনে বালি পাথর বোঝাই গাড়িতে আগুন ধরিয়ে দেবেন।
এরপরেই নড়ে চড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। দার্জিলিং এর সাংসদ এর ওই হুমকির পরের দিন ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশের অভিযানে ধরা পড়ে বেশ কিছু বেআইনি বালি পাথর পরিবহনের গাড়ি। এদিকে বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশও বেআইনি বালি পরিবহনের অভিযোগে গাড়ি আটক করে।
তার ২৪ ঘন্টা যেতে না যেতেই আবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযান। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা অভিযানে আটক বালি পাথর বোঝাই ৭টি ট্রাক ও ডাম্পার। এই ঘটনায় গ্রেফতার ৪। পলাতক তিন। মাটিগাড়া থানার পুলিশের অভিযানে ধৃতদের নাম প্রীতম মাঝি, দীপক মাঝি, নবদ্বীপ বর্মন এবং চিরঞ্জিত দাস। এরা প্রত্যেকেই গাড়ির চালক।
মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেআইনিভাবে বালাসন নদী থেকে বালি পাথর পরিবহন করা হচ্ছিল ওই ট্রাকগুলিতে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে তল্লাশি চালানোর সময় ওই ট্রাকের চালকেরা বালি পাথরের কোন রাজস্বের নথি দেখাতে পারেনি। সেই কারণেই ট্রাকগুলি আটক করা হয় এবং চালকদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। এই চক্রে কারা কারা জড়িত তাদের খোঁজে চলছে তল্লাশি।

