সাতসকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন… তারপর নালায় মিলল দেহ! কীভাবে ঘটল মৃত্যু?
হ্যামিলটনগঞ্জ, ২৮ সেপ্টেম্বর
সাতসকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিলা। কিন্তু তারপর আর বাড়ি ফেরা হয়নি। কয়েক ঘণ্টা পর এলাকার একটি নালার মধ্যে পড়ে থাকতে দেখা গেল তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে হ্যামিলটনগঞ্জ বাজার এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
মৃত মহিলার নাম সাবিত্রী কানু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর কোনওভাবে এলাকার একটি নালায় পড়ে যান তিনি। এরপর বেশ কয়েক ঘণ্টা তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
পরে স্থানীয় বাসিন্দারা নালার মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে দ্রুত লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা সাবিত্রী কানুকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কীভাবে ওই মহিলা নালায় পড়লেন? দুর্ঘটনাই কি মৃত্যুর কারণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ঘটনা?
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

