আলিপুরদুয়ার, ৪ মার্চ :
হোলির দিন সাত সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ভ্যানচালকের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার সুভাষিনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালবেলা কৃপালী সিংহ নামে এক ভ্যানচালক তাঁর ভ্যান নিয়ে স্থানীয় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগামী কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সোজাসুজি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর জখম হন কৃপালী সিংহ।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকাজে নেমে পড়েন এবং খবর দেওয়া হয় হাসিমারা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ভ্যানচালককে উদ্ধার করে উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তীতে কালচিনি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে, দুর্ঘটনার পর ঘাতক কন্টেনারটিকে আটক করেছে হাসিমারা পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

