শিলিগুড়ি,২৫ ডিসেম্বর :
এক দুঃখজনক ঘটনা। রীতিমতো আগুনে পুড়ে ছাই ঘরবাড়ি সহ সমস্ত কিছু। ঘটনাটি ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কৃষ্ণপদ সরকার তিনি পেশায় একজন মৎস্যজীবী এবং মাছ ধরেই তার সংসার চলে কোনমতে। তাই সকাল সকাল উঠে তিনি মাছ ধরতে চলে যান নদীতে, বাড়িতে ছিলেন তার স্ত্রী এবং তার ছোট ছোট তিন মেয়ে। এমনসময় স্থানীয়রা দেখতে পান তার বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখতে পায় বাড়ির মহিলা আগুন নেভানোর চেষ্টা করছে। যদিও সেই আগুন নেভাতে দেরি হওয়ায় কতক্ষনে পুড়ে ছাই বাড়ির সমস্ত কিছু। এমত অবস্থায় কি করবেন অসহায় পরিবারটি তা বুঝে উঠতে পারছেন না। বাড়ির মালিক কৃষ্ণপদ সরকার ও তার স্ত্রী সকলের কাছে সাহায্যের আবেদন করছেন। কারণ তার বাড়িতে ছোট ছোট তিন সন্তান রয়েছে তাদেরকে নিয়ে কি করে আগামী দিন চলবে। তাই প্রশাসন যদি তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো পরিবারটি কিছুটা সচ্ছল হয়ে দাঁড়াবে।

