শিলিগুড়ি , ২৬ জুন
নিউ জলপাইগুড়ি এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক রেলকর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অরিন্দম রায় বর্মন (৪৬)। তাঁর বাড়ি কোচবিহারে।
সূত্রের খবর, গত তিন থেকে চার দিন ধরে তিনি অফিসে যাচ্ছিলেন না। বিষয়টি নজরে আসতেই অফিস থেকে তাঁর বাড়িতে যোগাযোগ করা হয়। এরপর তাঁর দাদা বাড়িতে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অরিন্দম রায় বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তিনি নিউ জলপাইগুড়ি রেলওয়ের মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

