শিলিগুড়ি, ১৬ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (KPP)। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডাবগ্রাম-ফুলবাড়ী, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া—এই তিনটি বিধানসভা কেন্দ্রে Kamtapur State Demand Council (KSDC)-এর প্রার্থীদের সমর্থন করবে তারা।
KPP জানিয়েছে, উল্লিখিত কেন্দ্রগুলিতে KSDC প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে ভোট প্রচারে নামবে সংগঠনের কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ওই প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এদিনের বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে KPP নেতৃত্ব। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উন্নয়নের কাজ খুব কম হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের বঞ্চনার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করা হয়।
একই সঙ্গে পৃথক কামতাপুর রাজ্যের দাবিও ফের জোরালোভাবে তুলে ধরে সংগঠন। KPP-র মতে, এই দাবি পূরণ হলেই উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

