ডুয়ার্স , ২জুলাই
ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। এবার ডুয়ার্সের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ।অল্প কিছু দিনের ব্যবধানে পরপর দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় আতঙ্ক।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ভগৎপুর চা বাগানে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। যেকারনে চা বাগান কর্তৃপক্ষের তরফে বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। এরপর প্রায় এক সপ্তাহ আগে ভগৎপুর চা বাগানের ১৪ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। আর বৃহস্পতিবার সকালে সেই খাঁচাতে বন্দী হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন সকালে চিতা বাঘের গর্জন শুনতে পান শ্রমিকরা। স্থানীয় বাসিন্দারা দেখেন চিতা বাঘটি খাঁচার ভিতর ছোটাছুটি করছে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য গত ২৯ তারিখেও এই বাগানে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। আর স্বাভাবিকভাবেই পরপর চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভগৎপুর চা বাগানে। চা বাগানে আরও চিতাবাঘ থাকতে পারে বলেও আশঙ্কা চা বাগান শ্রমিকদের।

