শিলিগুড়ি , ৬ আগস্ট
বৃহস্পতিবার মাদক পাচার রুখতে ফের বড় সাফল্য পেল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। বৃহস্পতিবার দুপুর নাগাদ ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি ছোট চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ জিয়াগঞ্জ এলাকায় নজরদারি চালায়। সন্দেহজনক একটি চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের নাম উকিল মিয়া এবং সন্তোষ রবিদাস। দু’জনেই কোচবিহার জেলার দিনহাটা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোচবিহারের দিনহাটা থেকে শিলিগুড়ি হয়ে বিহারে এই গাঁজার চালান পাচারের পরিকল্পনা ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, কোথা থেকে মাদক সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে গোটা পাচারচক্রের মূল হোতাদের খুঁজে বের করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

