মেখলিগঞ্জ , ৫ জুন
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি শুক্রবার কলকাতায় গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থকও কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা এক গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধির দলত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের পর এই দলবদল নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মত অনেকের।
ঘটনায় কটাক্ষ করতে ছাড়েননি মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায়। তিনি অভিযোগ করে বলেন, মেখলিগঞ্জ পৌরসভায় আর্থিক তছরূপের একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণেই তদন্তের ভয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন প্রভাত পাটনি। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রভাত পাটনি জানান, “আমি সহ মোট ছয়জন আজ কংগ্রেসে যোগদান করেছি। মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছি।” যদিও বিজেপি বিধায়কের তোলা অভিযোগ সম্পর্কে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি।
প্রভাত পাটনির কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে মেখলিগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই দলবদল স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

