শিলিগুড়ি, ২২ জানুয়ারী :
পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদের উপর ধারাবাহিক হেনস্থা এবং বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচে রাজনৈতিক বাধার অভিযোগে অনশন অবস্থান কর্মসূচিতে বসলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির পাদদেশে এই ২৪ ঘণ্টার অনশন চলছে। বিধায়ক শংকর ঘোষের অভিযোগ, শাসক দলের নির্দেশে প্রশাসনের মাধ্যমে উন্নয়নমূলক কাজ ইচ্ছাকৃতভাবে আটকে দেওয়া হচ্ছে, এমনকি ওয়ার্ক অর্ডার হয়েও কাজ শুরু করতে দেওয়া হচ্ছে না।
এছাড়াও জেলা শাসকসহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিরোধী বিধায়কদের উপেক্ষার অভিযোগ তোলেন তিনি। অনশন থেকে “পাড়ায় সমাধান” প্রকল্পের কাজের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানানো হয়েছে।

