কোচবিহার, ২৮ মার্চ :
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই বিস্ফোরক পরিস্থিতি কোচবিহারের পাতলাখাওয়ায়। অভিযোগ, SIR-এর নামে এক ধাক্কায় তিন হাজারেরও বেশি সাধারণ ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর সেই ক্ষোভেই শনিবার উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।
ক্ষুব্ধ ভোটাররা সরাসরি নেমে আসেন রাস্তায়। ৩১ নম্বর জাতীয় সড়কে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে শুরু হয় তীব্র বিক্ষোভ, যার জেরে থমকে যায় যান চলাচল। মুহূর্তে এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
বিক্ষোভকারীদের সাফ বক্তব্য, চোদ্দগুষ্টির নথি, সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেন নাম বাদ গেল—তার জবাব চাই। তাদের দাবি, অবিলম্বে সঠিক তদন্ত করে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছে পুরনো ভোটার কার্ড, আধার, রেশন, জমির কাগজ-সহ সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত, তার স্পষ্ট জবাব চাইছেন তারা।
তাদের হুঁশিয়ারি, দ্রুত নাম পুনর্বহাল না হলে আন্দোলন আরও বড় আকার নেবে।
এলাকার একাংশের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিকেই বেছে বেছে টার্গেট করা হচ্ছে, যা নিয়ে রাজনৈতিক উত্তাপও দ্রুত বাড়ছে।
প্রায় তিন ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ তারপর খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও বিশাল কেন্দ্র বাহিনী,
তার পর কিছুক্ষণ বাদে আসেন কোচবিহার দুই নং ব্লকের জয়েন বিডিও প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয় পথ অবরোধ, তারপর স্বাভাবিক হয় যান চলাচল ।
এখন বড় প্রশ্ন—
ভোটার তালিকা সংশোধনের নামে কি সত্যিই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও প্রশাসনিক ত্রুটি? সে নিয়ে উঠছে প্রশ্ন।

