জলপাইগুড়ি, ৮ এপ্রিল :
জলপাইগুড়ি জেলার বৈধ ভোটারদের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নামল “জলপাইগুড়ি ভোটাধিকার মঞ্চ”। জেলার প্রায় দেড় থেকে দুই লক্ষ বাসিন্দার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বহু মানুষ হঠাৎ করেই নিজেদের নাম তালিকায় খুঁজে পাচ্ছেন না। কীভাবে পুনরায় নাম অন্তর্ভুক্ত করা যাবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই দিশেহারা। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও বহু ক্ষেত্রে নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার শহরে মিছিল করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জলপাইগুড়ি ভোটাধিকার মঞ্চ। মিছিল শেষে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।
মঞ্চের আহ্বায়ক গণেশ ঘোষ বলেন, “অতি দ্রুত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বৈধ ভোটারদের নাম বাদ রেখে কোনওভাবেই নির্বাচন গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি অনশন কর্মসূচিতে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

