কোচবিহার, ২৭ মে:
কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের জামাই বাজার সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো পাকুর গাছের অংশ ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, গতকাল রাতে হঠাৎ একটি বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে দেখতে পান, গাছটির একটি বড় অংশ পাশের একটি দোকানের উপর ভেঙে পড়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সের আধিকারিক ও বিদ্যুৎ বিভাগকে। গাছের অংশ বিদ্যুতের তারের উপর পড়ায় গতকাল রাত থেকেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে।
আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার পৌরসভার কর্মী ও সিভিল ডিফেন্সের আধিকারিকরা। বর্তমানে দ্রুতগতিতে গাছ সরানোর কাজ চলছে।

