জলপাইগুড়ি, ১৯ আগস্ট:
বকেয়া পেনশন অবিলম্বে মেটানোর দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। সোমবারের পর বুধবারও পুরসভার মূল গেটের সামনে প্লাস্টিকের চেয়ার পেতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। দীর্ঘদিন ধরে পেনশন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও মিলছে শুধুই আশ্বাস। দিনের পর দিন পেরিয়ে গেলেও বকেয়া পেনশন মেটানোর বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি।
আন্দোলনকারী সন্দীপ ব্যানার্জী বলেন, তাঁদের মধ্যে অনেকেই ক্যান্সারের মতো মারণরোগে আক্রান্ত। পেনশনের টাকা না পাওয়ায় চিকিৎসা ও ওষুধের খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। অগ্নিমূল্যের বাজারে সংসার চালাতেও কার্যত হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
পুর প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ২২ জন কাউন্সিলরের কাউকেই সমস্যার সমাধানে পাশে পাওয়া যাচ্ছে না। প্রশাসনের তরফেও কোনও সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না বলে দাবি তাঁদের।
অবসরপ্রাপ্ত কর্মীদের হুঁশিয়ারি, অবিলম্বে বকেয়া পেনশন মেটানোর ব্যবস্থা না করা হলে তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে। চিকিৎসার অভাবে বা অর্থসংকটে কোনও অবসরপ্রাপ্ত কর্মীর মর্মান্তিক পরিণতি হলে তার দায় পুর কর্তৃপক্ষ এবং ২২ জন কাউন্সিলরকেই নিতে হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন আন্দোলনকারীরা।

