জলপাইগুড়ি, ২২ অগাস্ট:
দু’মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে আগামী সোমবার, ২৪ অগাস্ট, জলপাইগুড়ি পুরসভার সমস্ত পৌর পরিষেবার পাশাপাশি জল পরিষেবাও বন্ধ রাখার হুঁশিয়ারি দিল জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চ। একই সঙ্গে ওই দিন বড় পোস্ট অফিস মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
সাফাই কর্মী একতা মঞ্চের অভিযোগ, গত দু’মাস ধরে পুরসভার সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। বকেয়া বেতনের দাবিতে এর আগেও পুরসভা ঘেরাও করে আন্দোলনে নেমেছিলেন সাফাই কর্মীরা। বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁদের।
শনিবার সাফাই কর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করে বকেয়া বেতনের বিষয়ে খোঁজ নেন। তাঁর দাবি, দ্রুত বকেয়া বেতন মেটানোর বিষয়ে পুরকর্তৃপক্ষের তরফে কোনও নির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হয়নি।
প্রতাপ রাউত বলেন, আগামী সোমবারের মধ্যে বকেয়া বেতন মেটানো না হলে পুরসভার সমস্ত পৌর পরিষেবার পাশাপাশি জল পরিষেবাও বন্ধ রাখা হবে। পাশাপাশি বড় পোস্ট অফিস মোড়ে অবস্থান কর্মসূচি করা হবে বলেও জানান তিনি।

