শিলিগুড়ি, ১৬ মে :
ভোটের ডিউটি শেষ হতেই অ্যাকশন মুডে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গভীর রাতে দেশী পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল যুবক। খপাৎ করে ধরল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ।
একদিকে দুস্কৃতিদের দৌরাত্ম্য, অন্যদিকে পুলিশ ফাঁদ পেতে একের পর এক দুস্কৃতিদের হেফাজতে নিচ্ছে। অসামাজিক কাজে বাধা দিতে বদ্ধপরিকর নয়া সরকার। নির্দেশ মেনে পুলিশও অ্যাকশন মুডে। সরকার বদল হতেই দুস্কৃতিদের দাপাদাপি বন্ধ। জানা গেছে, গতকাল গভীর রাতে ভক্তিনগর থানার অন্তর্গত ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় দীপঙ্কর রায় নামে এক যুবক ঘোরাফেরা করছিল। তার কাছে একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ রাখা রয়েছে, গোপন সূত্র মারফত সেই খবর পায় ভক্তিনগর থানার পুলিশ। তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। এবং হাতেনাতে পাকড়াও করে দীপঙ্করকে। তাকে হেফাজতে নিতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ।এর আগেও দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ গ্রেফতারও করেছিল। এরপর ছাড়া পেতেই আবারও দুস্কৃতিমূলক কাজে যোগ দেয়।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করছিল ধৃত যুবক? বিক্রির উদ্দেশ্যে ছিল নাকি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল? তা খতিয়ে দেখতে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে জলপাইগুড়ি আদালতে।

