তুফানগঞ্জ ,৫ই মে
তুফানগঞ্জে রাজনৈতিক সংঘর্ষ,বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে ব্লেড দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নির্বাচনের ফলাফল পরবর্তী রাজনৈতিক হিংসার ছায়া এবার কোচবিহারের তুফানগঞ্জে। বিজেপির বিজয় উৎসবকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চেংটিমারি এলাকা। অভিযোগ, এক বিজেপি কর্মীর নাবালিকা মেয়ের ওপর ব্লেড দিয়ে হামলা চালিয়েছে স্থানীয় তৃণমূল বুথ সভাপতির পরিবার।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপির বিজয় উৎসব পালন করছিলেন দলীয় কর্মীরা। সেই সময় এক বিজেপি কর্মীর সঙ্গে স্থানীয় তৃণমূল বুথ সভাপতির পরিবারের সদস্যদের বচসা বাধে। বচসা চলাকালীন পরিস্থিতি চরমে পৌঁছালে, অভিযোগ ওঠে যে তৃণমূল নেতার পরিবারের সদস্যরা ওই বিজেপি কর্মীর নাবালিকা মেয়ের ওপর চড়াও হয়।
নাবালিকার পায়ের তিনটি জায়গায় ধারালো ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে দ্রুত উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

