মাথাভাঙ্গা , ২০ মে
মাথাভাঙ্গা শহরে ফের জোর চর্চার কেন্দ্রে পোস্টার রাজনীতি। শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক রাজনৈতিক পোস্টার পড়াকে ঘিরে বাড়ছে জল্পনা, চড়ছে পারদ। উল্লেখ্য যে,রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকে কখনও তৃণমূল যুব সভাপতি নয়নজ্যোতি সাহা, কখনও পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, আবার কখনও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গিয়েছে।
বুধবারও তার ব্যতিক্রম হল না।বুধবার মাথাভাঙ্গা শহরের একাধিক এলাকায় দেখা যায় নতুন কিছু পোস্টার। এবার পোস্টারের কেন্দ্রে উঠে এসেছেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় শঙ্কর চক্রবর্তী, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ ও যুব নেতা শাহানুর আলম। পোস্টারগুলিতে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
যদিও কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে চাপানউতোর।
এদিকে, পোস্টার বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কাউন্সিলর বা নেতাদের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। কিন্তু ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
বিজেপি নেতা শেখর রায় বলেন গত ১৫ বছর ধরে তৃণমূল কাউন্সিলর, চেয়ারম্যান ও তৃণমূল হার্মাদ বাহিনীরা সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর তোলা তুলেছে এবং অত্যাচার করেছে।এতদিন তারা প্রতিবাদ করতে না পারলেও বিজেপি ক্ষমতায় আসার পর তারা সাহস পেয়েছে ।তাই সাধারণ মানুষই এইসব পোস্টার লাগিয়েছে বলেও মন্তব্য তার।

