কোচবিহার , ৯ জুলাই
প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে উত্তাল কোচবিহারের টাকাগাছ
কোচবিহার জেলার টাকাগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১৫ বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। পাশাপাশি নানা সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগও তোলেন তাঁরা। তাঁদের দাবি, সরকার পরিবর্তনের পর থেকে এলাকার বহু প্রকৃত উপভোক্তা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই অভিযোগের ভিত্তিতে বর্তমান পঞ্চায়েত প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান জানান, কাটমানি বা কোনও ধরনের দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, প্রয়োজনে পদত্যাগ করতেও তিনি প্রস্তুত। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

