কোচবিহার, ২৮ আগস্ট
কড়া নিরাপত্তার আবহের মধ্যেই সীমান্তে সম্প্রীতির ছবি। কোচবিহারের চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে নিষ্ঠার সঙ্গে পালিত হল রাখীবন্ধন উৎসব।
রাখীবন্ধন উপলক্ষে জিরো পয়েন্টের সামনে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি মিষ্টিমুখের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
শুধু বিএসএফ ও পুলিশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই বিশেষ উদ্যোগ। দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সীমান্তে উপস্থিত বাংলাদেশি নাগরিকদের হাতেও রাখি পরিয়ে দেন পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা।
হাতে রাখি পেয়ে খুশিতে মেতে ওঠেন বাংলাদেশি নাগরিকরাও। সীমান্তের কড়া নিরাপত্তার পরিবেশের মধ্যেও এই অভিনব আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর বার্তা বহন করে।

