ডুয়ার্স ,২৯ মে
ডুয়ার্সের জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম হলেন একটি চা পাতা বোঝাই ছোট পিকআপ গাড়ির চালক। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে লাটাগুড়ি–চালসা জাতীয় সড়কের বাতাবাড়ি দিঘিরপার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে কাঁচা চা পাতা ভর্তি ছোট পিকআপ গাড়িটি চালসা থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বাতাবাড়ি দিঘিরপার এলাকায় পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ের উপর উঠে যায়। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা কাঁচা চা পাতা রাস্তায় ছিটকে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত চালককে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

