জলপাইগুড়ি, ২৮ মে:
জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের অধীন সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সদর বিধানসভার নব নির্বাচিত বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী। বৃহস্পতিবার তিনি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, মাতৃমা বিভাগ, ক্যান্টিন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শনের পর বিধায়ক অনন্ত দেব অধিকারী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “হাসপাতালে অভিযোগের শেষ নেই। চারদিকে নোংরা পরিবেশ চোখে পড়ছে। হাসপাতাল যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা, তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। বহু অভিযোগ পাওয়ার পরই আজ এখানে এসেছি।” তিনি আরও জানান, আগামীকাল স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
এদিন রোগীর পরিজনেরাও বিধায়কের কাছে হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল চত্বর থেকে রোগীদের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “স্বাস্থ্য বিষয়ক বৈঠকে এই সমস্যাটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।”
হাসপাতালের ভিতরের সিঁড়ি ও বিভিন্ন অংশের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, হাসপাতালের পরিষেবা আরও স্বচ্ছ, উন্নত ও রোগীবান্ধব হওয়া প্রয়োজন।

