শীতলকুচি, ৯ জুলাই:
রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণের পর এবার হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হলেন শীতলকুচির বিধায়ক সাবিত্রী বর্মন। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে পরিচিত ব্যক্তি ও অনুগামীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, বিধায়কের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একাধিক ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে জরুরি ভিত্তিতে টাকা চাওয়া হয়। বার্তায় লেখা ছিল, “ইউপিআই কাজ করছে না, জরুরি টাকার প্রয়োজন।” পাশাপাশি টাকা পাঠানোর জন্য একটি কিউআর (QR) কোডও পাঠানো হয়। বিধায়কের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বিষয়টি নজরে আসতেই সাবিত্রী বর্মন দ্রুত পুলিশের দ্বারস্থ হন এবং সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর সমাজমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়ে বিধায়ক জানান, তাঁর নম্বর থেকে কেউ যদি টাকা চেয়ে বার্তা পাঠায় বা কোনও কিউআর কোড শেয়ার করে, তাহলে যেন কেউ তাতে সাড়া না দেন এবং কোনও ধরনের অর্থ লেনদেন না করেন। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক বার্তা পেলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানানোর অনুরোধ করেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগও সামনে আসে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক জনপ্রতিনিধির নম্বর হ্যাক করে প্রতারণার চেষ্টা হওয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত বা সন্দেহজনক বার্তা, টাকা চাওয়ার অনুরোধ কিংবা কিউআর কোড স্ক্যান করার আগে অবশ্যই প্রাপক বা প্রেরকের পরিচয় যাচাই করার পরামর্শ দিয়েছে।

