দিনহাটা , ২ জুলাই
বহুদিন গুদামে পড়ে থাকা ত্রাণসামগ্রী উদ্ধার, কয়েকশো মানুষের হাতে তুলে দিলেন বিধায়ক অজয় রায়।
সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে বিতরণ না করে মজুত করে রাখার অভিযোগের মধ্যেই সেই সামগ্রী উদ্ধার করে কয়েকশো মানুষের হাতে তুলে দিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। বৃহস্পতিবার দিনহাটার হেমন্ত বসু মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে সিংহভাগই ছিল ত্রিপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্নেহাংশু মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অজয় রায় বলেন, বিগত সরকারের আমলে সাধারণ মানুষের জন্য পাঠানো বিপুল পরিমাণ সরকারি সামগ্রী হেমন্ত বসু কর্নারের একটি ঘরে মজুত করে রাখা হয়েছিল। তাঁর অভিযোগ, মানুষের প্রয়োজনের জন্য আনা হলেও সেই সামগ্রী কখনও উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে পড়ে থেকে সেগুলির অনেকটাই নষ্ট হওয়ার মুখে পড়েছিল।
বিধায়ক বলেন, “ঘরটির তালা খোলার পর আমরা বিপুল পরিমাণ সামগ্রী দেখতে পাই। এর মধ্যে ত্রিপাল, শীতবস্ত্র, কম্বল-সহ নানা প্রয়োজনীয় জিনিস ছিল। এগুলি যদি আরও দীর্ঘদিন পড়ে থাকত, তাহলে সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই সামগ্রী প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বর্ষাকাল চলছে। বহু মানুষের বাড়ি টিনের হলেও বৃষ্টির সময় ছাদ দিয়ে জল পড়ার সমস্যা দেখা দেয়। সেই সমস্ত পরিবারের কথা মাথায় রেখেই অধিকাংশ ত্রিপাল বিতরণ করা হয়েছে। এতে বহু মানুষ উপকৃত হবেন।”
প্রসঙ্গত, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত সরকারের সময় সাধারণ মানুষের জন্য বিপুল পরিমাণ ত্রাণ ও সহায়ক সামগ্রী পাঠানো হয়েছিল। তার মধ্যে ত্রিপাল, কম্বল, শীতবস্ত্র-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ছিল। অভিযোগ, ওই সামগ্রী দীর্ঘদিন ধরে একটি ঘরে তালাবন্দি অবস্থায় পড়ে ছিল। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের পর ঘরের চাবি পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে জমা পড়ে। এরপর দিনহাটার বিধায়ক অজয় রায় পুরসভার আধিকারিকদের নিয়ে ঘরটি খুলে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করেন।
সামগ্রীগুলি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই পরিস্থিতিতে এগুলি দ্রুত মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এদিন দিনহাটা বিধানসভা এলাকার কয়েকশো মানুষের হাতে ত্রিপাল-সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। সামগ্রী পেয়ে উপভোক্তাদের মধ্যেও সন্তোষের ছবি দেখা যায়।

