শিলিগুড়ি, ৯ মে
আজীবন দলের সেবার স্বীকৃতি, প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মান পেলেন মাখনলাল সরকার । শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা মাখনলাল সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতি মিলল নতুন সরকার গঠনের দিন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর হাতে সম্মান তুলে দেন। এই ঘটনায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি-র ভাষণে অনুপ্রাণিত হয়ে মাত্র ১৫ বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন মাখনলাল সরকার। অত্যন্ত অভাব-অনটনের মধ্যেই কেটেছে তাঁর জীবন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাতে হয়েছে সামান্য জমির ফসলের উপর নির্ভর করেই। তবে আর্থিক কষ্ট কখনও তাঁর রাজনৈতিক আদর্শকে নড়বড়ে করতে পারেনি।
ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন তিনি। ১৯৮৪ সালে বিজেপির দার্জিলিং জেলা সম্পাদক পদে দায়িত্ব সামলান মাখনলাল সরকার। সেই সময় জেলায় বিজেপির সংগঠন আজকের মতো শক্তিশালী ছিল না। হাতে গোনা কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রমে সংগঠন গড়ে তুলতে কাজ করে গিয়েছেন তিনি।রাজনৈতিক প্রতিকূলতা, রক্তচক্ষু ও নানা বাধা অগ্রাহ্য করেই সারাজীবন দলের সেবা করেছেন মাখনলাল সরকার। দলের প্রতি তাঁর এই দীর্ঘদিনের নিষ্ঠা ও আত্মত্যাগের মূল্য আজ তিনি পাচ্ছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

