কোচবিহার, ২৭ মে:
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ও স্টুডেন্টস ফর ডেভেলপমেন্ট (SFD)-এর উদ্যোগে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হলো এক স্বচ্ছতা অভিযান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সংগঠনের কর্মী, সমর্থক এবং ছাত্রছাত্রীরা হাতে ঝাঁটা, কোদাল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সামগ্রী নিয়ে অভিযানে অংশগ্রহণ করেন। ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে পড়ে থাকা প্লাস্টিক, আবর্জনা ও নোংরা জঞ্জাল পরিষ্কার করা হয়। শুধু ছাত্রছাত্রীরাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও এই উদ্যোগে সামিল হন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় চত্বরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি স্বচ্ছ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্যোক্তাদের দাবি, এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়; ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের স্বচ্ছতা অভিযান পরিচালনা করা হবে, যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবসময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে পারে।

