জলপাইগুড়ি, ৩ জুলাই
জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমোহানি-মরিচবাড়ি তিস্তা নদীর ঘাটে আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। প্রতিবছরের মতো এবারও অগণিত ভক্ত এই ঘাট থেকে তিস্তার পবিত্র জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এবারের মেলাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত বছর পর্যন্ত তিস্তা নদীর ঘাটে প্রবেশ করে জল সংগ্রহ করতে প্রত্যেক ভক্তকে টিকিট কেটে প্রবেশ করতে হতো। এমনকি বিনামূল্যে জল সংগ্রহের দাবি জানাতে গেলেও অনেককে আয়োজকদের বিরাগভাজন হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও টিকিট বিক্রি থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ হলেও সেই অর্থের স্বচ্ছ হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে বলেও দাবি স্থানীয়দের। তবে এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে করছেন এলাকার মানুষ।
তাঁদের দাবি, শ্রাবণী মেলায় আগত কোনও পুণ্যার্থীকে যেন তিস্তার জল সংগ্রহের জন্য আর টিকিট কাটতে না হয়। প্রত্যেক ভক্তই যেন সম্পূর্ণ বিনামূল্যে ঘাটে প্রবেশ করে পবিত্র জল সংগ্রহ করতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, শ্রাবণী মেলাকে সামনে রেখে ইতিমধ্যেই একাধিকবার ঘাট পরিদর্শন করছেন সরকারি আধিকারিকরা। কয়েকদিন আগে ময়নাগুড়ির বিধায়কও এলাকাটি পরিদর্শন করেন। সেই সময় ঘাটের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা এবং ভক্তদের সুবিধার বিষয়টি তাঁর কাছে তুলে ধরা হয়েছে। এবারের শ্রাবণী মেলায় তিস্তার জল সংগ্রহের ক্ষেত্রে টিকিট প্রথা সম্পূর্ণ তুলে দিয়ে সকল ভক্তের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে—এই আশাতেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

