২৮/০৪\২৬,ওড়িশা
ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের কেওনঝড় জেলার মালিপোসি শাখায় টাকা রাখতেন জিতু মুন্ডার বোন করলা মুন্ডা৷ গত ২৬ জানুয়ারি করলা মারা যান৷ তাঁর অ্যাকাউন্টে তখন ১৯ হাজার ৩০০ টাকা৷ বোনের মৃত্যুর পর দাদা জিতু বার বার ব্যাঙ্কে গিয়েছেন ওই টাকাটুকু তোলার পদ্ধতি জানতে। ব্যাঙ্কের ম্যানেজার জবাব দিয়েছেন, যাঁর নামে অ্যাকাউন্ট তিনি না এলে টাকা তোলা যাবে না। জিতু প্রথাগত শিক্ষার সুযোগ পাননি৷ তিনি বহুবার বলার চেষ্টা করেছেন, অ্যাকাউন্ট বোনের নামে৷ বোন মারা গিয়েছেন। তাঁকে কী করে ব্যাঙ্কের শাখায় নিয়ে আসা সম্ভব! নিরক্ষর আদিবাসী মানুষটির কথায় গুরুত্বই দেননি ব্যাঙ্ককর্মীরা৷ তাঁদের একই কথা, টাকা তুলতে হলে যাঁর নামে অ্যাকাউন্ট, তাঁকেই আসতে হবে।
তিতিবিরক্ত জিতু বোনের কবর খুঁড়ে ফেললেন। বোনের কঙ্কাল ঘাড়ে নিয়ে দাদা চললেন ব্যাঙ্কে। ১৯ হাজার ৩০০ টাকা তুলতে! একটা আস্ত কঙ্কাল ঢুকে পড়ল ব্যাঙ্কের ভিতরে৷ মহা হইচই৷ পুলিশ এল। প্রশাসনের টনক নড়ল অবশেষে৷ সাড়ে ১৯ হাজার টাকার জন্য কবর থেকে তুলে আনতে হল কঙ্কাল।

